রাশিয়াকে ড্রোন দেওয়ার পর এবার ৪০টি গ্যাস টারবাইন সরবরাহ করতে যাচ্ছে ইরান। গ্যাসশিল্পে রাশিয়াকে সহায়তার লক্ষ্যেই রোববার (২৩ অক্টোবর) টারবাইন দেওয়ার ঘোষণা দিল ইরান। ইউক্রেনে যুদ্ধের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গ্যাসশিল্পে সরঞ্জাম সংকটে পড়েছে মস্কো। খবর আল আরাবিয়া।
ইরানের দাবি, তাদের শিল্পসংক্রান্ত সফলতা কেবল ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নেই। গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামের ৮৫ শতাংশ ইরানের ভেতরেই নির্মিত হয়।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ হ্রাস ও কোথাও কোথাও স্থগিত করেছে রাশিয়া।
তবে মস্কো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। গ্যাস টারবাইন মেরামতের জন্য পাঠানো হয়েছিল কানাডা। কিন্তু সেটি ফেরত আনা সম্ভব হচ্ছে না। তাই তারা দ্বারস্থ হয়েছে ইরানের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরেই ইউরোপের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের গ্যাস টারবাইন দিন। আমরা নর্ড স্ট্রিম লাইন চালু করে দিবো।
মূলত রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম। নর্ড স্ট্রিম বন্ধ করে রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর।
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত ইরান ও রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় পড়েছে দুই দেশটি। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে রাশিয়া ও ইরান।
গত জুলাই মাসে তেহরান সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তিনি ইরানের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে
সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ হয় রাশিয়া ও ইরান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন